কয়েকদিন আগে গত হয়েছে কুরবানির ঈদ। অনেকের ঘরেই হয়ত এখনো রয়েছে গরুর ভুঁড়ি। অনেকের কাছে এটি খুব সুস্বাদু একটি খাবার। ভুঁড়ি ভুনা কিংবা ভাজা খাওয়ার জন্যও অপেক্ষায় থাকেন অনেকে। জিভে জল আনা এই পদটি রান্না করার সহজ উপায় জেনে নেওয়া যাক চলুন-
যা যা লাগবে
- গরুর ভুঁড়ি ৩ কেজি
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- তেল ১/২ কাপ
- তেজপাতা ২ টি
- দারুচিনি ২ টি
- এলাচ ও লবঙ্গ ৪-৫ টি করে
- পেঁয়াজ কুঁচি ৩ কাপ
- লবণ স্বাদমত
- হলুদের গুঁড়া ১ চা চামচ
- মরিচের গুঁড়া ১ চা চামচ
- জিরার গুঁড়া ১ চা চামচ
- ধনে গুঁড়ো ১ চা চামচ
- পানি ১/২ কাপ
যেভাবে রাঁধবেন
প্রথমে গরুর ভুঁড়ি খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লোম বা ময়লা ভুঁড়ির গায়ে লেগে না থাকে। এবার একটি প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে দিন। তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। তারপর হলুদ, লাল মরিচ, জিরা ও ধনে গুঁড়া দিতে হবে। আদা ও রসুন বাটা দিয়ে দিন। স্বাদমত লবণ দিন। এবার এই মিশ্রণটিতে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিন কিছুক্ষণ। কষানোর পর এতে ভুঁড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিন। এরপর চুলা বাড়িয়ে দিয়ে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে অল্প কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিন। এটি এখন ১ ঘণ্টার জন্য ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দিন। ১ ঘণ্টা পর দেখবেন পানি শুকিয়ে এসেছে। এখন ভুঁড়িগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঝোল কমিয়ে আনতে হবে। এবার চাইলে এভাবেও খেতে পারেন অথবা আরও ভাঁজা ভাঁজা করে খেয়ে নিতে পারেন। এরকম চাইলে অন্য একটি পাত্রে ভুঁড়িগুলো কালো করে ভেঁজে নিতে পারেন।








































