নিউইয়র্কে রেকর্ড দামে বিক্রি হয়েছে ৬৭ মিলিয়ন বছর পুরনো একটি ডাইনোসর। মঙ্গলবার নিলামে ৩৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে (৫০ দশমিক ১ মিলিয়ন ডলার) টাইরানোসরাস রেক্সটি কিনে নেন এক ক্রেতা।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবির মতে, ১২ ফুটের (৪ মিটার) বেশি লম্বা এই প্রাণীটির ৬০ শতাংশের বেশি হাড় উদ্ধার করা গেছে। একে ধরা হয় ডাইনোসরের ‘সবচেয়ে সম্পূর্ণ’ নমুনাগুলোর একটি। তবে ডাইনোসরটির ক্রেতা তার পরিচয় প্রকাশ করেননি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত খামারবাড়িতে খুঁজে পাওয়া যায় টাইরানোসরাস রেক্সটিকে। আদর করে এর নাম দেওয়া হয় ‘গাস’।
সোথবির বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের প্রধান ক্যাসান্ড্রা হ্যাটোন বলেছেন, এই ফলাফলটি অর্জিত হতে বহু বছর লেগেছে।
‘গাস শুধু একটি ব্যতিক্রমী আবিষ্কারই নয়, বরং এমন একটি নমুনা যাকে অত্যন্ত দক্ষতার সাথে খনন, নথিভুক্ত, প্রস্তুত এবং যত্ন করা হয়েছে’, যোগ করেন তিনি।
রেকর্ড দামের প্রসঙ্গে হ্যাটোন বলেছেন, নমুনাটি উদ্ধার করতে যে সময় ও সম্পদ ব্যয় হয়েছে, বিক্রির মূল্য তারই প্রতিফলন।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনটি গ্রীষ্মকালে খনন করে হাড়গুলো বের করা হয়। গ্রীষ্মকালে মাটি একটু উষ্ম ও নরম থাকায় খনন কাজ কিছুটা সহজ হয়েছিল। হাড়গুলো গবেষণাগারে একত্রিত করতে আরও তিন বছর সময় লেগেছিল।
গবেষণায় দেখা গেছে, গাসের মাথায় কামড়ের চিহ্ন রয়েছে। আছে একটি ভেঙে যাওয়া পাজরের হাড়, যেটি জীবদ্দশায়ই সেরে উঠেছিল।
এর আগে সবচেয়ে দামি ডাইনোসর ছিল এপেক্স নামের একটি স্টেগোসরাস। এটি কিনে নেওয়ার পর আমেরিকান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে চার বছরের জন্য ধার দিয়েছেন এর মালিক ধনকুবের কেনেথ গ্রিফিন। গাসের ক্রেতার পরিচয় জানা না গেলেও শিগগিরই কোনো মিউজিয়ামে আসতে পারে ডাইনোসরটি।
সূত্র: বিবিসি।



































