সোমবার (১১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে দিল্লির তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে মজুদ আছে মাত্র একদিনের কয়লা।
ফলে জ্বালানির যোগান দিতে না পারলে দুদিনের মধ্যেই অন্ধকারে ডুবে যেতে পারে ভারতের রাজধানী। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন এমন সতর্কবাণী দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, পরিস্থিতির সামাল দিতে না পারলে দুর্গাপুজোর শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট শুরুর আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সত্যেন্দ্র আরও জানান, “কেন্দ্রের তাপবিদ্যুৎকেন্দ্রগুলো উপর নির্ভরশীল দিল্লি। তবে আমরা যদি কেন্দ্র থেকে বিদ্যুতের জোগান না পাই তবে দুইদিন পরেই দিল্লি ব্ল্যাকআউটে যাবে।”
উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, ‘দেশজুড়ে তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার জোগানের আকাল পড়েছে। দিল্লি যেসব তাপবিদ্যুৎকেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ পায়, সেখানে মাত্র একদিনের কয়লা মজুত আছে। আর কোনও কয়লা নেই।’
এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানান, “বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দিল্লি। তবে সংকট এড়াতে যাবতীয় চেষ্টা করা হচ্ছে।”
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়ে তার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। ব্ল্যাকআউট থেকে বাঁচতে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিদ্যুৎমন্ত্রীও।


































