যারা টিকা নিয়েছেন তাদের চাইতে এখনও যারা টিকা নেননি তাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও তাদের চেয়ে ১০ গুণ বেশি।
যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায় করোনার হাত থেকে রেহাই পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই।
বিশ্বজুড়ে করোনার ডেলটা ধরনের প্রাদুর্ভাবের মধ্যেই ‘মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইক্লি রিপোর্ট’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হল। সিডিসির গবেষণায় আরও দেখা গেছে, একেবারেই যারা টিকা নেননি তাদের সংক্রমণের ঝুঁকিও অন্যদের চাইতে সাড়ে ৪ গুণ বেশি।
এছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসাবীদ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর স্যার অ্যান্থনি ফাউচি সিএনএনকে জানান, সংক্রমণ আবারও লাগামহীন হলে করোনা নিয়ন্ত্রণের আর কোন উপায় থাকবে না। তাই দ্রুত সময়ের মধ্যে সবার টিকাদান নিশ্চিত করতে হবে।








































