অপ্রতিরোধ্য তালেবানদের হাতে পতন হচ্ছে আফগানিস্তানের শহরের পর শহর। এখন পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবানে গোষ্ঠী। এবার তারা পৌঁছে গেছে রাজধানী কাবুলের কাছাকাছি। বিবিসি জানিয়েছে, কাবুলের ৩০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী।
এর আগে বৃহস্পতিবার গজনি দখলের মাধ্যমে রাজধানী কাবুলের ১৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছায় তালেবান যোদ্ধারা। একই দিন দখলে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার ও হেরাত শহর।
সহিংসতা এড়াতে চলছে কূটনৈতিক তৎপরতাও। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। এরই মধ্যে আফগান সরকার তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয়। তবে তালেবান তা নাকচ করে দেয়।
এদিকে নিরাপত্তাহীনতায় কাবুল ছাড়ছেন বিদেশি কূটনীতিকরা। আফগানিস্তানে অবস্থানরত আমেরিকান কূটনীতিক ও নাগরিকদের দেশে ফিরতে সহযোগিতা করতে কাবুলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তিন হাজার সেনার প্রথম দলটি।
সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের লড়াইয়ের প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতে শুধু গত মাসেই ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। প্রাণ বাঁচাতে হাজারো সাধারণ মানুষ নিরাপদে আশ্রয়ের খোঁজে রাজধানী কাবুলের দিকে ছুটছেন। বিবিসির খবরে বলা হয়েছে, বাড়িঘর হারিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন কাবুলের সড়ক, পার্ক ও ফাঁকা স্থানগুলোতে আশ্রয় নিয়েছে।







































