সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হুথি হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:৩৮ এএম
সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হুথি হামলা

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।  জাহাজ দুটির নাম ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’।  সৌদির সাধারণ পরিবহণ কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। 

হুথিদের দাবি, তারা একই সময়ে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে জাহাজে বড় ধরনের আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গোষ্ঠীটি বলেছে, এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘যেমন কর্ম, তেমন ফল’ নীতির অংশ।  হুথিদের ভাষ্য, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। তাই এখন ইয়েমেনও একইভাবে জবাব দিচ্ছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লোহিত সাগরে চলাচলের সময় হামলার শিকার হয়েছে।

সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, হামলায় জাহাজটির সামনের অংশে আগুন লাগে। তবে সব নাবিক নিরাপদ আছেন। জাহাজ, নাবিক এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সৌদি আরবের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল (প্রায় ১৩০ কিলোমিটার) দূরে একটি জাহাজে হামলা হয়েছে। এতে জাহাজে আগুন লাগে। তবে নাবিকদের কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এ হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পণ্য পরিবহণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এটি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!