ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:০৬ পিএম
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে বাংলাদেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় অর্ণব। স্থানীয় সময় সকাল ৯:৫০ মিনিটে দেওয়া বুলেটিনে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের ওপর অবস্থান করছে। প্রায় ৬ ঘণ্টা ধরে এটি উপকূলে আছড়ে পড়ে এবং বুলেটিন দেওয়ার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র সম্পূর্ণ স্থলে অবস্থান করছিল।

এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্র ও ওড়িশা প্রদেশের কয়েকটি জেলায় ভারী হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে সর্বোচ্চ ৩১৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ঝড় আঘাত হানার আগেই ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত হানা দুই প্রদেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবারের জন্য বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

Link copied!