দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার পাকিস্তান সফরে গেছেন। সোমবার (২০ জুলাই) তিনি ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও রয়েছে।
বিমানবন্দরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামও উপস্থিত ছিলেন।
অতিথি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে মহসিন নকভি জানান, পাকিস্তানে তার ‘ভাই’কে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক পরিস্থিতিতেও ইতিবাচক অগ্রগতি আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, এসকান্দার মোমেনি জানান, আবারও মহসিন নকভির সঙ্গে দেখা হওয়ায় তিনি আনন্দিত। তিনি পাকিস্তান-ইরান সম্পর্ককে উদাহরণযোগ্য উল্লেখ করে পাকিস্তান সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।
সফরকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠক করবেন।
কর্মকর্তাদের মতে, বৈঠকগুলোতে দুই দেশের সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরান যখন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখনই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান এখনও প্রস্তুত। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

































