ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, ডেনমার্ক, এস্তোনিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে দেশটি আরো তিনটি ড্রোন চুক্তি সই করেছে। এসব চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে অর্জিত ইউক্রেনের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানো হবে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, এ নিয়ে ইউক্রেন মোট নয়টি ড্রোন চুক্তি করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেনের ড্রোন সক্ষমতা সীমিত ছিল। তবে গত কয়েক বছরে দেশটি অত্যাধুনিক ড্রোন শিল্প গড়ে তুলেছে।
জেলেনস্কি এসব চুক্তির জন্য বিভিন্ন দেশে সফর করেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে।
সেখানে উপসাগরীয় দেশগুলোও সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে পড়েছে। ডেনমার্কের সঙ্গে চুক্তি প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এই সমঝোতা যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং অস্ত্র রপ্তানিতে আরো স্বচ্ছতা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।
তিনি আরো বলেন, ইউক্রেনে যৌথ প্রতিরক্ষা উৎপাদনের প্রস্তাব প্রথম দিয়েছিল ডেনমার্ক। তাই যুদ্ধে কার্যকারিতা প্রমাণিত ইউক্রেনীয় অস্ত্র রপ্তানির সুযোগ ডেনমার্ক পাওয়াটা যৌক্তিক।
ন্যাটো সম্মেলনের প্রথম দিন শেষে এক্সে দেওয়া আরেক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের এই সম্মেলনে অংশ নেওয়ার অধিকার ন্যায্য।
তিনি জানান, কিয়েভের প্রধান লক্ষ্য ছিল আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন জোরদার করা। গত সপ্তাহে কিয়েভে দুটি হামলার পর জেলেনস্কি রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করার আহ্বান জানান। সর্বশেষ হামলায় রাজধানী কিয়েভে ১৯ জন নিহত হয়।

































