হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে (সিডিইউ) হটিয়ে জার্মানির সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বাম দল সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি (এসপিডি)।
বিবিসি জানায়, প্রাথমিক ফল অনুযায়ী, ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে এসপিডি। আর ক্ষমতাসীন জোট সিডিইউ-সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট।
এছাড়া তৃতীয় অবস্থানে আরেক প্রতিদ্বন্দ্বী দল গ্রিনস পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট। পরিবেশবাদী দলটির ইতিহাসে সেরা অর্জন এটি।
তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে জোট তৈরি করতে হবে বিজয়ীদের। যদিও ধারণা করা হচ্ছে, জোট গঠনে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে দলগুলোর। সে ক্ষেত্রে বড়দিনের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন চ্যান্সেলর মেরকেল।
সোমবার ভোটগণনা শেষে এসপিডি নেতা ওলাফ শোলজকে অভ্যর্থনা জানান এসপিডি সমর্থকরা। ভোটের ফলে উচ্ছ্বাস প্রকাশ করে শোলজ বলেন, জার্মানির জন্য একটি বাস্তববাদী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

































