চিত্রনায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে—গায়িকা হিসেবে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ বিশেষ পর্বে তিনি গান পরিবেশন করবেন। এই পরিবেশনায় তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
আয়োজক সূত্রে জানা গেছে, পেশাদার কণ্ঠশিল্পী না হওয়া সত্ত্বেও বুবলী গানটি বেশ দক্ষতার সঙ্গে গেয়েছেন। ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে তার এই গানের মধ্য দিয়েই গায়িকা হিসেবে বুবলীর আত্মপ্রকাশ ঘটছে, যা অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।
গানটির কথা লিখেছেন গীতিকবি কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।
এর আগে ‘ইত্যাদি’র মঞ্চে তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারাও গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগল পরিবেশনা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই থাকে বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় আয়োজন। অতীতে এই মঞ্চে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, নোবেল ও অপি করিমের মতো তারকারাও গান পরিবেশন করেছেন।
ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের পরিবেশনা মিলিয়ে এবারের পরিবেশনাটিও দর্শকদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পর্দায়।





































