রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী।
এ বিষয়ে তিনি বললেন, ‘হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এর পরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন স্বাস্থ্যমন্ত্রী।



































