দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। ফলে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫০।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে।
একই সময়ে আরও ৭৩ জনের দেহে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৫১ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।






























