দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জন মারা গেছে। আর হামে মারা গেছে ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৮ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭০, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়।
সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৭০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেল ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৭৪ জন।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬ হাজার ৫৩ জন।



























