যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে গেছে আশঙ্কাজনকভাবে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় মন্থর হয়ে পড়েছে পণ্য পরিবহনও।
শিপিং ডেটার তথ্যানুযায়ী, সপ্তাহের ব্যবধানে জলপথটিতে চলাচলকারী জাহাজের সংখ্যা ৩৫টি থেকে নেমে গেছে এক ডজনে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল ও এলএনজি পরিবহন করা এই প্রণালি দিয়ে পরিবহন কমলেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ট্রানসপন্ডার বন্ধ রেখে তেল রপ্তানি চালু রেখেছে কিছু দেশ।
শিপিং এনালিটিক্স প্রতিষ্ঠান কেপলারর তথ্য অনুযায়ী, যেসব জাহাজ ট্র্যাক করা সম্ভব হয়েছে, সেগুলোর মধ্যে গত রবিবার মাত্র চারটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে বাইরে এসেছে।
এর মধ্যে ছিল দুটি তেলবাহী ট্যাঙ্কার এবং দুটি খালি পণ্যবাহী জাহাজ। বিপরীতে কেবল দুটি ছোট তেলের ট্যাঙ্কার প্রণালিতে প্রবেশ করেছে।
এর আগে শনিবার সার, তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কৃষি পণ্য নিয়ে পাঁচটি জাহাজ গালফ এলাকা ছেড়ে যায়।
অথচ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত।
সূত্র : রয়টার্স





































