সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:১৫ পিএম
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী পরীমনি। তার সোশ্যাল মিডিয়া কিংবা ব্যক্তিগত সম্পর্ক যে কোনো বিষয় নিয়েই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সিনেমার থেকে তিনি বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত নানা কাজের জন্য। সেই ধারাবাহিকতায় নিজের বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
গত বুধবার রাতে রাজধানীতে একটি পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। সেখানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উঠে আসে তার বিয়ে প্রসঙ্গও। প্রশ্নের জবাব দিতে গিয়ে বরাবরের মতোই হাস্যরসের আশ্রয় নেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে পরীমনি মজা করে বলেছেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার এমন প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপরও থেমে থাকেননি পরীমনি। হাসতে হাসতেই আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’
এরপর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’
পরীমনির এই বক্তব্যে আবারও হাসির পরিবেশ তৈরি হয়। তবে তার ভাষ্যে সোশ্যালে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও সমালোচনার বিষয়টিও উঠে আসে।
সংবাদ সম্মেলনে শুধু বিয়ে নয়, আলোচনায় আসে তার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রসঙ্গও। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনার হারের পর তার অনুভূতি কী ছিল।
এ প্রশ্নের জবাবেও নিজের স্বভাবসুলভ রসিকতা ধরে রাখেন পরীমনি। তিনি বললেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ তার এমন উত্তরেও উপস্থিত সবাই হেসে ওঠেন।
বিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।
চিত্রনায়িকা পরীমনির বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুক পোস্ট আলোচনায় আসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে। তখন তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!