বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউ ইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৪ পিএম
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউ ইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউডের বহুল আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নানা কানাঘুষা চলছিল।

তবে সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ফের নিউ ইয়র্কের রাজপথে একসঙ্গে দেখা মিলল এই তারকা দম্পতির! নতুন সিনেমা ‘কিং’-এর ব্যস্ত শুটিং থেকে বিরতি নিয়ে স্ত্রী ঐশ্বরিয়াকে সাথে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন জুনিয়র বচ্চন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের সাথে অভিষেক ও ঐশ্বরিয়ার একটি সেলফি ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সন্ধ্যার মনোরম আবহে ক্যাজুয়াল টি-শার্ট ও ক্যাপ পরা অভিষেকের পাশে কালো পোশাকে বেশ মার্জিত লুকে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া।

বহুদিন পর দুজনকে এত কাছাকাছি ও হাস্যোজ্জ্বল ফ্রেমে দেখতে পেয়ে তাদের ভক্তরাও বেশ আনন্দিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের প্রেম ও ১৯ বছরের দাম্পত্য সফর নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিষেক বচ্চন। ২০০০ সালে ‘ধাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে প্রথম পরিচয়ের কথা মনে করে তিনি বলেছেন, ‘প্রথম দেখাতেই যে ও আমার সোলমেট হবে, তা ভাবিনি। তবে ২০০৭ সালে মণি রত্নমের গুরু সিনেমার পর আমরা বিয়ে করি। আজ অ্যাশ কেবল আমার একমাত্র কন্যা আরাধ্যাকে সুন্দর মূল্যবোধে বড় করে তোলা মা-ই নয়, ও আমার জীবনের আসল সোলমেট। আমাদের সম্পর্কের ১৯টি বছর যেন একদম স্বপ্নের মতো কেটে গেছে!’
কথা প্রসঙ্গে রসিকতা করে নিজের সুখী দাম্পত্যের গোপন রহস্যও ফাঁস করেন অভিষেক। তিনি হাসতে হাসতে জানান, সব স্বামীরই উচিত রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীকে অন্তত তিনবার সরি বলা, তাহলেই সংসার শান্তিতে থাকবে! একই সাথে জানান, আগামী বছর তাদের ২০তম বিবাহবার্ষিকীতে বড় কোনো চমক দিতে চলেছেন তিনি।

বর্তমানে শাহরুখ খানের সাথে হাই-ভোল্টেজ সিনেমা ‘কিং’-এর কাজে দারুণ ব্যস্ত রয়েছেন অভিষেক বচ্চন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেট ছবিতে শাহরুখ ও অভিষেক ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় বিশ্বজুড়ে মুক্তি পাবে এই বহুপ্রতীক্ষিত সিনেমাটি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!