আলিয়া ভাট, রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। অভিনয় দক্ষতা, শক্তিশালী ব্যক্তিত্ব এবং দুর্দান্ত বক্স অফিস সাফল্যের কারণে তারা তিনজনেই ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
রণবীর ও দীপিকার পর্দায় রসায়ন যেমন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’-তে দর্শকের মন জয় করেছে, তেমনি রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
২০২২ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি-অ্যাকশন মেগা প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। এরপর থেকেই অয়নের বিখ্যাত ‘অ্যাস্ট্রাভার্স’-এর পরবর্তী কিস্তির জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। এবার সেই বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে এলো দারুণ এক খবর!
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর অনুযায়ী, নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন রণবীর কাপুর।
সিক্যুয়েলে রণবীর কাপুরের চরিত্র নিয়ে থাকছে বিশাল এক চমক। সিনেমাটিতে শুধু ‘শিবা’ নয়, বরং দেব চরিত্রেও দেখা যাবে রণবীরকে! অর্থাৎ পুরো সিনেমায় এক বিশাল চ্যালেঞ্জ নিয়ে দ্বৈত চরিত্রে পর্দায় ঝড় তুলবেন এই বলিউড তারকা।
তবে সবচেয়ে বড় খবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় পর্বে যোগ দিতে যাচ্ছেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। ‘ব্রহ্মাস্ত্র ২’-এর অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ‘অমৃতা’ চরিত্রটির জন্য দীপিকাকেই প্রথম পছন্দ পরিচালক অয়ন মুখার্জির।
প্রযোজনা টিমের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অমৃতা চরিত্রটি অত্যন্ত গম্ভীর ও প্রভাব বিস্তারকারী। এটি ফুটিয়ে তুলতে দীপিকার মতো শক্তিশালী ও দক্ষ অভিনেত্রীর প্রয়োজন। ইতোমধ্যে তার সাথে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সময়সূচি চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম পার্টটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেসময় সিনেমাটিতে রণবীর-আলিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং শাহরুখ খানের বিশেষ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।
পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ১’-এর বিশাল সাফল্যকে ছাড়িয়ে যেতে ‘ব্রহ্মাস্ত্র ২’ ও ‘৩’ আরও বড় বাজেটে নির্মিত হবে এবং দুটি সিনেমার শুটিং একসাথে হবে। সবমিলিয়ে রণবীর, আলিয়া ও দীপিকাকে এক ফ্রেমে দেখার উন্মাদনায় মুখিয়ে আছেন লাখ লাখ ভক্ত।
































