পশ্চিমবঙ্গের জনপ্রিয় সুরকার ও গায়ক অনুপম রায় এবং তার স্ত্রী, কণ্ঠশিল্পী প্রশ্মিতা পালের ঘরে এলো নতুন অতিথি। সোমবার তাদের কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্রসন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের সাথে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন অনুপম নিজেই।
ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তা শেয়ার করে অনুপম রায় লিখেছেন, ‘আজ আমাদের ঘরে এক পুত্রসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দের খবরটি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
একইসাথে শুভকামনা ও ভালোবাসার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংগীত তারকা।
২০২৪ সালের মার্চ মাসে একেবারেই ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। বিয়ের পর থেকে প্রশ্মিতার মা হওয়ার পুরো খবরটি একেবারেই গোপন রেখেছিলেন এই সুরকার দম্পতি। তাই হঠাৎ করেই বাবা-মা হওয়ার খবরে নেটপাড়ায় উপচে পড়ছে ভক্ত ও সহশিল্পীদের শুভেচ্ছাবৃষ্টি।
প্রশ্মিতা পাল টালিউডের একজন জনপ্রিয় প্লেব্যাক গায়িকা এবং মিউজিক্যাল ব্যান্ড ‘উড়ান’-এর মূল ভোকাল। ২০১৪ সালে সুপারহিট সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা’-র ‘সাজনা’ গানটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার।
পরবর্তীতে ‘কণ্ঠ’, ‘পোস্ত’ সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরে ‘কাঠমান্ডু’ ও ‘হাইওয়ে’ সিনেমায় তার গাওয়া গানগুলো বেশ প্রশংসিত হয়। তারা দুজনে সর্বশেষ ২০২৫ সালের অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ‘চন্দ্রবিন্দু’ সিনেমার একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন।
এর আগে অনুপম রায় বিয়ে করেছিলেন সমাজকর্মী ও শিল্পী পিয়া চক্রবর্তীকে। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে পিয়া চক্রবর্তী অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে গাঁটছড়া বাঁধেন এবং গত ২০২৫ সালে এই দম্পতিও তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।

































