পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪ পয়সা কমিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৫৪ পয়সা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৩২৪ টাকা ৯৮ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৩৮২ টাকা ৭৯ পয়সা।
পেট্রোলে প্রতি লিটারে ১১৪ টাকা কর ও শুল্ক আদায় করছে দেশটির সরকার। ডিজেলের ক্ষেত্রে এই পরিমাণ ১০০ টাকা।
এর আগে গত ৩ এপ্রিল ডিজেলের দাম উঠেছিল সর্বোচ্চ ৫২০ টাকা ৩৫ পয়সায়। এরপর ধীরে ধীরে কমতে থাকে।
তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডিজেলের দাম বাড়তে শুরু করেছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল ২৮১ টাকা।
পেট্রোলের দামও একই সময়ে বেড়েছিল দ্রুত। এপ্রিলের ৩ তারিখে পেট্রোলের দাম উঠেছিল সর্বোচ্চ ৪৫৮ টাকা ৪১ পয়সায়। এর আগে মার্চের প্রথম সপ্তাহে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ২৬৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার কারণে এই পরিবর্তন হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা তৈরি হয়।
এ পরিস্থিতিতে জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনে পাক সরকার।
সূত্র : ডন
























