‘দিল চাহতা হ্যায়’ মুক্তির পর দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ফ্রেন্ডশিপ ক্লাসিক সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল।
সম্প্রতি সিনেমাটির মুক্তির ২৫ বছর পূর্তি উদযাপনে মূল তারকারা এক ছাদের নিচে জড়ো হলেও দেখা মেলেনি প্রীতি জিনতার। সেই পুনর্মিলনীতে অনুপস্থিত থাকা নিয়ে রসিকতা করার পাশাপাশি আমির খানের সাথে আবারও কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন এই বলিউড অভিনেত্রী।
বর্তমানে নিজের প্রত্যাবর্তনকারী সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় বেজায় ব্যস্ত প্রীতি জিনতা।
‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছরের সেলিব্রেশন মিস করা প্রসঙ্গে হাসতে হাসতে প্রীতি বলেছেন, “ইচ্ছাতো ছিল পুরানো সব স্মৃতি নতুন করে ঝালিয়ে নেওয়ার। কিন্তু আমির নিজেই তো আমাদের ভাগ করে দিল! একদিকে আমার সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচার, অন্যদিকে তাদের ‘দিল চাহতা হ্যায়’-এর সিলভার জুবিলি উদযাপন। শেষমেশ আমাকে সিনেমার প্রচারণাতেই আসতে হলো!”
তবে আমিরের প্রতি কোনো ক্ষোভ নেই প্রীতির। বরং সাবেক সহ-শিল্পীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, “আমি সত্যিই আমিরের সঙ্গে আবারও বড় পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। আশা করি আমরা পরবর্তীতে এমন কোনো প্রজেক্ট করব যা ‘দিল চাহতা হ্যায়’-এর মতোই অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার বিশ্বাস, এই ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটিও দর্শকদের হৃদয়ে একইভাবে জায়গা করে নেবে।”
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় আমির খান ও প্রীতি জিনতা ছাড়াও অভিনয় করেছিলেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, সোনালী কুলকার্নি ও ডিম্পল কাপাডিয়া। যুবসমাজের বন্ধুত্ব, প্রেম ও জীবনের নানা টানাপোড়েনের আধুনিক চিত্রায়ন সিনেমাটিকে হিন্দি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেওয়ার পাশাপাশি কাল্ট স্ট্যাটাস দিয়েছিল।
অন্যদিকে প্রীতি জিনতার ভক্তদের জন্য এটি অত্যন্ত আনন্দের সময়। ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছরের বিরতি কাটিয়ে ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরছেন এই ডিম্পল কুইন।
























