?
অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের উত্তপ্ত এক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশি ব্যাটার মেহেদী হাসান মিরাজের উপর মেজাজ হারান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের সময়। স্টার্কের করা বল অফ সাইডে ঠেলে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন মিরাজ। একই সময় স্টার্কও ফলো-থ্রুতে প্রায় একই লাইনে চলে আসায় তাকে এড়িয়ে যেতে গিয়ে মিরাজ পিচের মাঝ বরাবর দৌড়ে যান।
বিষয়টি চোখ এড়ায়নি আম্পায়ার কুমার ধর্মসেনার। তিনি মিরাজকে পিচের মাঝখান দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। নিজের অবস্থান ব্যাখ্যা করতে মিরাজ বলেন, ‘ও (স্টার্ক) তো আমার পথের মধ্যে আছে।’
মিরাজের এই কথাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসার জবাব দেন, ‘এটা আমার ফলো-থ্রু, তোমার নয়। উইকেট থেকে সরে যাও।’
জবাবে মিরাজ বলেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
চ্যানেল সেভেনে ধারাভাষ্য দিতে গিয়ে মিরাজের অবস্থানকেই সমর্থন করেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, মিরাজের পিচের মাঝ দিয়ে দৌড়ানোটা মোটেও ইচ্ছাকৃত ছিল না। বল খেলার পর পেছনে তাকিয়ে স্টার্ককে সামনে দেখতে পেয়ে ওই পথেই এগিয়ে যাওয়া তার কাছে সহজ মনে হয়েছিল। আর ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের মতে, দীর্ঘ ও কঠিন একটি দিন পার করার পর অস্ট্রেলিয়ার হতাশাই মূলত এই উত্তেজনায় প্রকাশ পেয়েছে।




































