তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:২৫ এএম
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ কয়েকজন অভিনয়শিল্পী নিশ্চিত করেছেন।

আকস্মিক এ মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে সজীবের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। নির্মাতা আশিকুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, কিছুদিন আগে হৃদ্‌রোগের সমস্যায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন সজীব। তরুণ বয়সে তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলে শোক প্রকাশ করেন আশিকুর।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে আশিকুর রহমান জানিয়েছেন, মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সজীব অনলাইনে ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবের মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সজীবের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অপূর্ব আরও লেখেন, এই সময়ের নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন সজীব। নিজেই নাটকের গল্প লিখতেন এবং পরিচালনা করতেন তিনি। চমৎকার নির্মাণশৈলী ও গল্প বলার ঢঙের জন্য কাজের স্বীকৃতি হিসেবে বেশকিছু সম্মাননাও পেয়েছিলেন।

মারুফ হোসেন সজীবের জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দু’জনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

Link copied!