জায়েদ খানের টক শোতে অতিথি কাজী মারুফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২১ পিএম
জায়েদ খানের টক শোতে অতিথি কাজী মারুফ

যুক্তরাষ্ট্রে বসেই ঢালিউডের দুই পরিচিত মুখের মিলন ঘটছে পর্দায়। 'ইতিহাস'-খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। একসময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও বর্তমানে প্রবাসেই তাঁর জীবনযাপন। এবার তিনি হাজির হচ্ছেন জায়েদ খানের জনপ্রিয় অনুষ্ঠান 'সেলিব্রিটি টক শো — ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এর নতুন পর্বে অতিথি হিসেবে।

২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেখান থেকেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্বেও দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই তারকা এখন উপস্থাপক হিসেবেও দর্শকের মনোযোগ কাড়ছেন। কাজী মারুফকে নিয়ে নতুন পর্বটি শিগগিরই প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অনলাইন দর্শকদের মধ্যে ইতোমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে বসে দেশীয় তারকাদের নিয়ে এ ধরনের আয়োজন দর্শকদের কৌতূহল ও আগ্রহ দুটোই বাড়িয়ে তুলছে।

Link copied!