অভিনেতা হিসেবে অনির্বাণ স্টার মার্কস পেয়েছেন আগেই। তবে সন্দেহ ছিল প্রথম পরিচালনায় সেই ধারা অব্যাহত থাকবে কি না। কিন্তু না, হতাশ করেননি এই অভিনেতা। পরিচালনায় নেমেই রীতিমতো ছক্কা হাঁকালেন তিনি।
মহালয়ার দিন প্রকাশ পেয়েছে অনির্বাণ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘মন্দার’-এর টিজার। প্রতিশোধ,ক্রোধ-কাম,রক্ত-লালসা—সবকিছু মিলে টিজারটি রহস্য আর রোমাঞ্চে ভরপুর। সিরিজটিতে শেক্সপিয়ারের কালজয়ী উপন্যাস ‘ম্যাকবেথ’কে এই যুগের মতো করে তুলে ধরেছেন অনির্বাণ।
এদিকে এদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেইসবুকে শুভ কামনা জানিয়েছেন অনির্বাণকে। অনির্বাণের পেজে প্রকাশিত টিজারের মন্তব্যের ঘরে চঞ্চল দুই শব্দে লিখেছেন— শুভ কামনা।
বাংলাদেশ-ভারতের মধ্যে ভৌগলিক দূরত্ব থাকলেও চঞ্চল-অনির্বাণের মধ্যে নিয়মিতই যোগাযোগ হয় শোনা যায়। এমনকি সৃজিত মুখার্জী পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজে অনির্বাণকে বাংলাদেশি ঢঙে কথা বলার তালিম দিয়েছেন চঞ্চল। তাও সেটা মুখোমুখি নয়, অনলাইনে।
প্রসঙ্গত, এর আগে থিয়েটারে নির্দেশনা দিয়েছেন অনির্বাণ। এছাড়া নিজের পরিচালিত ওয়েব সিরিজে নিজে অভিনয় করেননি অনির্বাণ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল। এছাড়া আছেন সোহিনী সরকার। শিগগিরই ‘মন্দার’ মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে।

































