• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭
সাক্ষাৎকার

শাকিবের সঙ্গে কাজের ইচ্ছা থাকবে সব সময়: শুভশ্রী


রেজওয়ান সিদ্দিকী অর্ণ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:৫৬ পিএম
শাকিবের সঙ্গে কাজের ইচ্ছা থাকবে সব সময়: শুভশ্রী

শুভশ্রীকে যখন ফোন করা হলো তখন তিনি একমাত্র ছেলে ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর স্বপ্ন এখন কেবল ছেলেকেন্দ্রিক। তবে পাশাপাশি শুটিং চালিয়ে যাচ্ছেন। ঘাম ঝরাচ্ছেন জিমে। সবকিছুই যেন  দুর্গার মতো দশ হাতে সামলাচ্ছেন। তবে তাকে নিয়ে কম কটাক্ষ হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও সেসব তিনি পাত্তা দেননি। এসব বিষয়ে সংবাদ প্রকাশের সঙ্গে কথা হয় শুভশ্রীর। কোনো রাখঢাক না রেখে মনের আগল খুলেছেন তিনি। 

সংবাদ প্রকাশ: মাতৃত্ব কেমন উপভোগ করছেন?

শুভশ্রী: এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সব নারীর কাছে তার মাতৃত্বের সময়টাই সেরা। ইউভানের সঙ্গে মজার মজার সময় কাটছে। এই তো ১২ সেপ্টেম্বর ওর এক বছর পূর্ণ হলো। দেখতে দেখতে সময়টা এক বছর হয়ে গেল। এখন আমার সবটা জুড়ে ইউভান। ওকে ঘিরেই আমার আর রাজের (ইউভানের বাবা) সব স্বপ্ন।

সংবাদ প্রকাশ: শুটিংয়ে ফিরেছেন। সংসার ও পেশা সমন্বয় করছেন কীভাবে?

শুভশ্রী: আমার কোনো সমস্যা হচ্ছে না। আগের মতো খুব বেশি কাজ করছি না। আগে যেসব কাজের শিডিউল দেওয়া ছিল, সেগুলোর কাজ করছি। চেষ্টা করছি সংসারেই বেশি করে সময় দিতে।

সংবাদ প্রকাশ: আপনার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তো বিধায়ক এখন। আপনাকে সময় দিতে পারেন ঠিকমতো?

শুভশ্রী: ও তো এখন শুধু আমার নেই। বিধায়ক হওয়ার পর ওকে সাধারণ মানুষের পাশেই বেশি থাকতে হচ্ছে। রাজ ব্যারাকপুরের বিধায়ক। সেখানকার মানুষের সুবিধা-অসুবিধা দেখতে হয় তাকে। এর বাইরে যতটুকু সময় পায়, পরিবারে সময় দেয়।

সংবাদ প্রকাশ: ইউভানের জন্মের পর আপনার শরীরে বেবি-ফ্যাট জমে গিয়েছিল। এটা নিয়ে তো নেট মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন। এ ধরনের কটাক্ষ কি আপনার মন খারাপ করে দেয়?

শুভশ্রী: একদমই না। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। দেখুন, একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে ‘জিরো ফিগার’ নায়িকা হিসেবে আমার পরিচিতি ছিল। যখন মা হলাম তখন সেটা আর থাকল না। মা হওয়ার পর সব নারীর শরীরেই আমূল পরিবর্তন আসে। আমারও এসেছে। এটা নিয়ে আমি গর্বিত। একমাত্র হীন মানসিকতার মানুষরাই এমন কটাক্ষ করছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এটা আমি চাই।

May be an image of 1 person

সংবাদ প্রকাশ: শরীরের মেদ ঝরিয়ে ফেলতে জিমে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। তাহলে কি বলতে পারি, ফের জিরো ফিগারে ফিরতে চলেছেন শুভশ্রী?

শুভশ্রী: চেষ্টা তো করছি। ফিটনেস ঠিক রাখতে জিমের বিকল্প নেই। জিরো ফিগারে ফিরব কি না, সেটা সময় বলে দেবে। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদ প্রকাশ: দুর্গাপূজা আসন্ন। দুর্গারূপে হাজির হচ্ছেন। নিশ্চয়ই অন্য রকম ভালো লাগা কাজ করছে?

শুভশ্রী: মহালয়ার সকালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে আমাকে দেখা যাবে ‘মা দুর্গা’র ভূমিকায়। এটা আমার জন্য খুবই আনন্দদায়ক। ইতিমধ্যে এর প্রোমো প্রচার শুরু হয়েছে। ভালো সাড়া পাচ্ছি। তবে এর আগেও দর্শক আমাকে দুর্গারূপে দেখেছে।

May be a close-up of 1 person

সংবাদ প্রকাশ: এবার কাজের প্রসঙ্গে আসা যাক। হাতে থাকা সিনেমার খবর জানতে চাই।

শুভশ্রী: বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশের সঙ্গে একটি সুপারন্যাচারাল সিনেমায় অভিনয় করছি। করোনা না হলে এত দিন ছবির কাজ শেষ হয়ে যেত। এছাড়া ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

সংবাদ প্রকাশ: শাকিব খানের সঙ্গে আপনার জুটি সুপার হিট। আবার কবে একসঙ্গে দেখা যাবে আপনাদের?

শুভশ্রী: এটা আমি কীভাবে বলি! প্রযোজক-পরিচালকরাই বলতে পারবেন। শাকিব আর আমার কেমিস্ট্রি খুব ভালো ছিল। দর্শক গ্রহণ করেছে। এখন যৌথ প্রযোজনার ছবি হচ্ছে না। যখন হবে তখন যদি আমাদের জুটিকে নিয়ে কেউ ভাবেন, তাহলে আবার শাকিবের সঙ্গে কাজ হবে। শাকিব অসাধারণ হিরো। তার সঙ্গে কাজের ইচ্ছা থাকবে সব সময়।

Link copied!