কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সায়ন্তন ঘোষালের ‘আজি হতে শতবর্ষ পরে’ সিনেমায় রবিঠাকুরের সিনেমায় অভিনয় করবেন তিনি। এর আগেও পরমব্রত ‘কাদম্বরী’ সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছিলেন।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি খুনের রহস্যকে ঘিরে এগোবে ‘আজি হতে শতবর্ষ পর্বে’র কাহিনি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের জীবনের একটি অধ্যায়। কবির লন্ডনে কাটানো সময়কাল ও ঘটনা ধরা হবে ছবিতে। তার সঙ্গেই সম্পর্কিত এ সময়ের একটি রহস্যকাহিনি। অতীত এবং বর্তমান দুটি ট্র্যাকে এগোবে গল্প।
বর্তমানের কাহিনির মুখ্য চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এক সাংবাদিকের চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। ছবিতে রয়েছেন ঋদ্ধি সেন, কৌশিক সেন প্রমুখ অভিনেতাও। বাকি রয়েছে আরও কিছু কাস্টিং।
ছবির প্রযোজক এস কে মুভিজ। দুর্গাপূজার পর থেকে শুরু হবে ছবির কাজ। লন্ডন ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং। আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে এই ছবির।

































