মারা গেছেন মার্কিন অভিনেতা এড আসনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০১:৩৬ পিএম
মারা গেছেন মার্কিন অভিনেতা এড আসনার

মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা এড আসনার। রোববার (২৯ আগস্ট) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তথ্যটি নিশ্চিত করেছে হলিউড রিপোর্টার।  
 
এ ছাড়া এড আসনারের টুইটার অ্যাকাউন্ট থেকে তার সন্তানরা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের দুঃখ বলে বোঝানো যাবে না। আমরা তোমাকে ভালোবাসি বাবা।

১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরে জন্মগ্রহণ করেন এড আসনার। ইউএস আর্মি সিগন্যাল কর্পসের হয়ে ফ্রান্সে দুই বছর কাটানোর পর শিকাগোতে ফিরে থিয়েটারে যোগ দেন তিনি। ১৯৬১ সালে তিনি হলিউডে কাজ শুরু করেন।  

জনপ্রিয় টিভি সিরিজ লু গ্রান্টের প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এড আসনার। এ জন্য তিনি সাতবার অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।  

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কম্পিউটার-অ্যানিমেটেড টিভি শো আপে নিয়মিত কণ্ঠ দিতেন এড আসনার। যার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পান তিনি। এর আগে ২০০৩ সালে সান্তা ক্লজেও অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।

Link copied!