ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার কলকাতায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে বা রেজিস্ট্রি সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতার আগে দক্ষিণ কলকাতায় মিমির নিজস্ব বাসভবনে তাঁদের বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি দিয়ে বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। বিশেষ এদিনে নবদম্পতি সাদা ও সোনালি রঙের মানানসই পোশাকে সেজেছিলেন।
প্রকাশিত প্রথম ছবিটিতে নবদম্পতির একটি সিলুয়েট (ছায়াচিত্র) পোর্ট্রেট দেখা যায়, যেখানে তাঁরা তাঁদের বিয়ের আংটি প্রদর্শন করছেন। পরবর্তী দুটি ছবিতে বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তকে বিয়ের নিবন্ধন পত্রে স্বাক্ষর করতে এবং কনে মিমিকে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। শেষ ছবিটিতে ভক্তদের কৌতূহল বাড়িয়ে স্বামীর মুখ আড়াল করে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
টালিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিমি এবং সিদ্ধার্থ দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন, তবে মিমি কখনোই জনসমক্ষে এ বিষয়ে মুখ খোলেননি।
মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে সিদ্ধার্থ দত্তের সঙ্গে সামাজিক ও প্রথাগত রীতিতে বিয়ের পিঁড়িতে বসবেন। জানা যায়, তিন দিনব্যাপী বিয়ের মূল আনুষ্ঠানিকতা চলবে এবং ৫ ডিসেম্বর তার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অভিনেত্রীর নিজ শহর জলপাইগুড়িতেও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। চলচ্চিত্র শিল্পের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের বন্ধু ও সহকর্মীদের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন সাবেক এই সাংসদ।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় নির্মিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’র মাধ্যমে অভিনয় জগতে পরিচিতি পান মিমি চক্রবর্তী। পরবর্তী সময়ে ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’, ‘রক্তবীজ’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি টালিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বড় পর্দার পাশাপাশি ‘যাহা বলিব সত্য বলিব’ এবং ‘ডাইনি’র মতো ওটিটি সিরিজেও প্রশংসিত হয়েছেন তিনি। সবশেষ তাঁকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পূজার চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’তে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। ওই বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন এবং ১৭তম লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন।




















