‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক ও অল-টাইম ব্লকবাস্টার সাফল্যের পর বলিউড ‘বাবলি গার্ল’ শ্রদ্ধা কাপুর এখন জনপ্রিয়তার তুঙ্গে। হরর-কমেডি দিয়ে বক্স অফিস কাঁপানোর পর, এবার সম্পূর্ণ নতুন এক রূপে দর্শকদের চমকে দিতে আসছেন শক্তি কাপুরের কন্যা। আগামী রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট, ২০২৬ তারিখে থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম পিরিয়ড বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি যারা সম্প্রতি ছাভা সিনেমা দিয়ে ধামাকা করেছেন এবার তারাই পর্দায় নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’-র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকর-এর অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্প সাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তীতে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, গত মে মাসেই এই ছবির পুরো শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি মেগা মন্টাজ গানের শুটিং করেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। ছবিতে শ্রদ্ধার পাশাপাশি দুটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
গত মার্চ মাস থেকে শুরু করে টানা ৬০ দিন ধরে মুম্বাইয়ের মাধ আইল্যান্ড, নাসিক ও সোলাপুরের বাস্তব লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। ‘স্ত্রী ২’ ছবির পর শ্রদ্ধা কাপুর এখন বেশ বেছে বেছে কাজ করছেন, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়ের ধার বেশি দেখানো যায়। ‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার এই পিরিয়ড লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে নিজেকে সঁপে দেওয়ার
সাহসী সিদ্ধান্ত বক্স অফিসে কতটা ঝড় তোলে এখন সেটাই দেখার অপেক্ষা!












![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)






