নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কোভিড-১৯-এর সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে ৩১ অক্টোবর থেকে, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এবং টিকা পরিচালনা কমিটি হতে এ বিষয়ে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নতুন ভবনে এ টিকা কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।
রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, নোবিপ্রবি মেডিকেল সেন্টার ও কোভিড-১৯ শনাক্তকরণ কেন্দ্র এই টিকা কার্যক্রম তত্ত্বাবধান করবে। যারা টিকার রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু টিকা নেননি, তাদের টিকার প্রথম ডোজ দেওয়া হবে। টিকার দ্বিতীয় ডোজের তারিখ পরে জানানো হবে।
টিকা পরিচালনা কমিটি জানায়, শুধু সিনোফার্মের টিকা দেওয়া হবে। টিকার প্রথম ডোজ দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। যারা টিকার এসএমএস পাননি তাদের এসএমএস প্রাপ্তির লক্ষ্যে টিকা কেন্দ্রের ভলেন্টিয়ারদের অবহিত করে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কমিটি আরও জানায়, যাদের শুধু জন্মনিবন্ধন আছে তাদের টিকা প্রদানে টিকার কেন্দ্রের ভলেন্টিয়াদের কাছে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। যারা টিকা কেন্দ্র হিসেবে নোয়াখালী সদর হাসপাতাল, জেলা পুলিশ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সিলেক্ট করেছে তারা টিকা নিতে পারবে।
এদিকে টিকা দেওয়ার লক্ষ্যে গত ২৫ অক্টোবর নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ে নোবিপ্রবি মেডিকেল টিম, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।







































