শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা দিচ্ছে বিসিবি। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের হাতে চেক হস্তান্তর করেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ খবর জানিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। যেখানে ক্রীড়া পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কাইয়ুম ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডাকসু ও বিসিবির মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ ব্যবহার করবে বিসিবি। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে।







































