শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, “চলতি বছরের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কারণে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।”
বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এ বছরের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “আগামী ১৪ নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।”
এ সময় সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








































