চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এই সময়সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) এর অনুমোদন দেন মাউশির উপসচিব খালেদা আক্তার।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এই ব্ছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর এবং শেষ হবে ২৩ নভেম্বর। এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর এবং শেষ হবে ৩০ ডিসেম্বর।
করোনা মহামারির কারণে পরীক্ষার সময়সূচিতে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। তাই বহুনির্বাচনী ও তত্ত্বীয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এছাড়া এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ভাগে। প্রথম ভাগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।








































