আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার দূর্গাপূজা আয়োজক কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেছেন, “যখন অনেকে ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি।”
এসময় মন্ত্রী আরও বলেন, “করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিগগিরই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে। তাছাড়া আমাদের কাছে যত ভ্যাকসিন আছে বা অর্ডারে রয়েছে তা দিয়ে আমাদের দেশে যাদের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন তাদের প্রায় ৭০ শতাংশ মানুষকে দেওয়া যাবে।”
দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “উৎসবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পাল প্রমুখ।




































