নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে কানিজ ফাতেমা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বরাত আলী (৪৫)। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
এলাকাবাসী জানান, স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে খুঁটিনাটি বিষয়ে রেগে যেতেন দ্বিতীয় স্ত্রী কানিজ। এর জের ধরে স্বামীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন কানিজ। সব জমিজমা তার নামে লিখে না দেয়ায় কানিজ ও তার ভাইরা মিলে ঘরে আটকে রেখে বরাত আলীকে মারধর করতেন। মঙ্গলবার বিকালে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যা করে স্ত্রী কানিজ ফাতেমা।
পরে বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান। নিহত বরাত আলীর শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশ স্ত্রী কানিজকে আটক করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






































