বিনা টিকিটে ট্রেন ভ্রমণ: ৯৩৯ যাত্রীর জরিমানা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০১:০৫ পিএম
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ: ৯৩৯ যাত্রীর জরিমানা

পাবনার পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে সাতটি আন্তঃনগর ট্রেনের ৯৩৯ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ৬১ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

শনিবার (২ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় খুলনা-ঈশ্বরদী-ঢাকা-পাবনা-রাজশাহী রেলওয়ে রুটের মধ্যে চলাচলকারী ৭টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়।

যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো হলো কপোতাক্ষ এক্সপ্রেস, গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস,সিল্কসিটি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস। 

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। 

রোববার (৩ অক্টোবর) সকালে পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, পাকশী বিভাগের আওতায় খুলনা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহী রুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের  দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীদের উপস্থিতি বেশি ছিল। স্টেশন থেকে আসনবিহীন টিকেট না থাকায় এবং স্টেশনের সীমানা প্রাচীর না থাকায় কোন কোন স্টেশন থেকে টিকিট ছাড়া অনেক যাত্রী ট্রেনে উঠে পড়েন। নিয়মিত ঝটিকা অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় সাতটি আন্তঃনগর ট্রেনে ৬০৮ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৪ হাজার ৩৭৫ টাকা, জরিমানা বাবদ ৫৬ হাজার ৮৯৫ টাকা মোট ১ লাখ ৬১ হাজার ২৭০ টাকা আদায় করা হয়েছে।

এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নিয়ে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে। বিনা টিকিটের টিকিটের যাত্রীর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান পাকশি রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা।
 

Link copied!