রংপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সাইদুল ইসলাম শাহিন (২৭) নামের এক যুবক। পরে ওই তাকে মহানগর ধাপ পুলিশ ফাঁড়ির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাইদুল ইসলাম শাহিন নগরীর তাজহাট এলাকার বাসিন্দা। তার বাবা আবদুল মালেক। শাহিন দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে গেছে, রাতে ধাপ এলাকায় এক পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে মামনি হোটেলের ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলটির আশপাশে শাহিন নামের ওই যুবক ঘোরাঘুরি করছেন। সুযোগ বুঝে অন্য একটি চাবি দিয়ে মোটরসাইকেলটি চালু করতে চেষ্টা করতে থাকেন। এ সময় মোটরসাইকেলটি চালু না হওয়ায় বিপাকে পড়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। আটক সাইদুল ইসলাম শাহিনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব বসুনিয়া জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে চোর শাহিনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করেন তারা।






































