• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৭


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:৫৭ পিএম
মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৭

দিনাজপুরে দুই মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ৪৭ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পৃথক দুটি দল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ এবং বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ এ অভিযান চলে। 

বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ এবং বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করে এটিইউ।

পুলিশ সূত্র জানায়, আটকরা এই দুই মসজিদে ঢাকা থেকে দুদিন আগে তাবলিগ জামাত এসেছিল। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের নামে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় মসজিদ দুটিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করে পুলিশ। আটকের পর পরই তাদের দিনাজপুর পুলিশ লাইনসে আনা হয়।

বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন বলেন, “কয়েক দিন আগে তারা তাবলিগ জামাতের সদস্য পরিচয়ে ঢাকা থেকে এখানে আসে। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের ১৭ জনকে নিয়ে গেছে।” 

এ ব্যাপারে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে। তবে যাচাই-বাছাই না করে এ মুহূর্তে কিছুর বলা সম্ভব নয়।”

Link copied!