খুলনার ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন হচ্ছে না। নাম পরিবর্তনের উদ্যোগ থেকে সরে এসেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র বলেন, “ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) মিটিংয়ে গিয়ে আমি প্রথমেই এটি বাতিল করব। শিববাড়ী মোড়ের যে নাম রয়েছে সেটিই থাকবে।”
সভার আলোচ্যসূচির ১৪টি এজেন্ডার মধ্যে ৫ নম্বরে উল্লেখ রয়েছে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করার প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। ওই নম্বরের আলোচ্যসূচিতে বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এই ঘটনার পরেই খুলনা শহরে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। অল্প সময়েই সোশ্যাল মিডিয়া বিষয়টি নিয়ে নিন্দা জানতে শুরু করেন বিভিন্ন স্তরের মানুষ।
কলেজ ছাত্র মো. বখতিয়ার উদ্দিন রেজওয়ান সংবাদ প্রকাশকে বলেন, “খুলনার প্রাণকেন্দ্র হলো শিববাড়ী মোড়। শুধু খুলনার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ শিববাড়ী বলতে এক নামেই খুলনা শিববাড়ী মোড়কেই চেনে। এই মোড়কে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমরা চাই না শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে খুলনার ইতিহাসকে বিকৃতি করা হোক।”
রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে সভার একদিন আগেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেসিসি। সভার আলোচ্যসূচির ১৪টি এজেন্ডা পরিবর্তন করা হয়েছে।








































