সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেন।
হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এ নিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৯৯, সুনামগঞ্জ ৭২, হবিগঞ্জে ৪৭ এবং মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১১ দশমিক ৪১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে সিলেট জেলায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ, সুনামগঞ্জে ১৪ দশমিক ৮৬ শতাংশ, হবিগঞ্জে ১৩ দশমিক ৮৬ শতাংশ এবং মৌলভীবাজারে ২০ দশমিক ১৬ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১১১ জনের মধ্যে ৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১৪ এবং মৌলভীবাজারের ২৬ জন। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২০৩। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৭৮৫, সুনামগঞ্জে ৬ হাজার ১২৪, হবিগঞ্জে ৬ হাজার ৪৯১ ও মৌলভীবাজারে ৭ হাজার ৮০৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ১৬ জন এবং হবিগঞ্জ জেলার হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৯০, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২৩৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৪ হাজার ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ৫৯৩, সুনামগঞ্জে ৫ হাজার ৪৭৩, হবিগঞ্জে ৩ হাজার ৩৯৬ ও মৌলভীবাজারে ৬ হাজার ১৯৮ জন সুস্থ হয়েছেন।





































