ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মারা গেছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নুরুল ইসলাম (৬৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০), ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৪৬ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।





































