একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ নিয়ে রহস্য


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০১:০১ পিএম
একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ নিয়ে রহস্য
মৃতদের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন বিজয়পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠলেও আজ না ওঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু এতে কোনো সাড়াশব্দ পাননি তারা। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের সবার মরদেহ দেখতে পান। এর মধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ চালের তীরের কাঠে ঝুলছিল, স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

সিরাজুল জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনই মন্তব্য করা যাচ্ছে না। এটা হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত করার পর বলা যাবে। মরদেহগুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Link copied!