রাজধানীতে চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগি। এক মাসেরও বেশি সময় ধরে ডিমের দাম ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি। মাছের বাজারেও স্বস্তি নেই। বেড়েছে আটা ও চিনির দাম। তবে কিছুটা কমেছে সবজির দাম।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, মহাখালীর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি সপ্তাহে বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে।
বাজার ঘুরে দেখা গেছে, মুরগি ও ডিমের বাজারেও বাড়তি দামের চাপ রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি। এর আগে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল।
মাংসের বাজারেও স্বস্তি নেই। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে।
আটার দামও বেড়েছে। বর্তমানে প্যাকেটজাত দুই কেজির আটা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন-চার সপ্তাহ আগেও একই আটা ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খোলা আটার দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। আগে ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
চিনির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাস খানেক আগে এই চিনি বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি দরে।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এক মাস আগে সরবরাহ কম থাকার অজুহাতে অনেক সবজির দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছিল।
বর্তমানে বাজারে পটোল ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা এবং করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ও আলুর দামে অবশ্য তেমন পরিবর্তন নেই। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।





















