সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ঢালার মুখ নামকস্থান থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান আসাদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আসাদ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজন ফরিদ বেপারী।
নিহতের স্বজনরা জানান, আসাদুজ্জামান আসাদ ও শহিদুউল্লাহ বেপারী বালুর ব্যবসা করেন। কোম্পানীগঞ্জ থেকে বালু ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রয় করেন তারা। গত সোমবার (১৬ আগস্ট) ধলাই নদীর ঢালারমুখ এলাকা থেকে বালু উত্তোলন করার সময় মানিক মিয়া ও সামছু মিয়ার লোকজন বালু উত্তোলনে বাধা দিয়ে ৩ হাজার টাকা চাঁদা দাবি করলে তাদেরকে দেড় হাজার টাকা দেন আসাদ। চাহিদামতো চাঁদা না পেয়ে আসাদুজ্জামান আসাদ ও শহিদুউল্লাহ বেপারীর ওপর হামলা চালিয়ে তাদের আহত করে চাঁদাবাজরা। হামলায় আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পিতা কফিল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।






































