যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ আগস্ট) বিকেলে যশোর-চৌগাছা সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আওরঙ্গজেব চুন্নু (৬০) ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ (২৮)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আওরঙ্গজেব চুন্নু বলেন, “আমার বড় ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শামীম রেজাকে শনিবার (৭ আগস্ট) একটি সাজানো চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে যশোর আদালতে পাঠানো হয়। আমরা আদালতে তাকে দেখে ফিরছিলাম। মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে আমাদের পেছনে আসতে থাকা একটি মাইক্রোবাস আমাদের গাড়ির সামনে দাঁড়ায়। পরে আমাদের গাড়ি থেকে বের করে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে যশোর থেকে চৌগাছার দিকে আসা যশোর হাসপাতালের একজন স্টাফ আমাদের উদ্ধার করে একটি ভ্যানে করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমার দুই পা, দুই হাত ও পিঠে লোহার রড ও হাতুড়ি জাতীয় কিছু দিয়ে বেদম প্রহার করে তারা। আমি দুই পা নাড়াতে পারছি না। আমার হাত ও পা ভেঙে গেছে।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাজিন আহসান বলেন, আহতদের মধ্যে বয়স্ক ব্যক্তির অবস্থা বেশি খারাপ। দুজনকেই উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুইজনেরই শরীরে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।






































