• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

ভোলায় সংক্রমণের হার বেড়েছে ১৪ শতাংশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:০৩ এএম
ভোলায় সংক্রমণের হার বেড়েছে ১৪ শতাংশ

ভোলায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২২ জুন) আক্রান্তের হার ছিল সাত দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৩টি নমুনা পরীক্ষায় নতুন করে সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় চারজন ও তিনজন দৌলতখান উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২১ দশমিক ২০ শতাংশ, যা গত দুই সপ্তাহে সর্বোচ্চ। হঠাৎ করে এক দিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত দুই হাজার আটজনে দাঁড়িয়েছে। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪৯ জন। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৭৪০ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৩ জন। সেখানে বর্তমানে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে সিরাজ উদ্দিন জানান, জেলার প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। তাই অ্যান্টিজেন নেগেটিভ আসলে মানুষ আর নমুনা দিতে আসে না। পাশাপাশি অনেকের করোনার লক্ষণ থাকলেও নমুনা পরীক্ষা না করে বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন।

Link copied!