কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপপরিদর্শক (এসআই) জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। ঘটনার পর তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে ডিবির একটি বিশেষ দল কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায়। এ সময় সেখানে অবস্থানরত একদল তরুণের সঙ্গে পুলিশ সদস্যদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তরুণেরা ডিবি সদস্যদের ওপর হামলা চালান। এতে দুই কর্মকর্তা ও এক কনস্টেবল আহত হন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যরা রাতে হাসপাতালে চিকিৎসা নেন। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানিয়েছেন, পুলিশ সদস্যদের চিকিৎসা নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে হাসপাতালের সরকারি রেজিস্টারে তাদের নাম বা চিকিৎসাসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হামলায় কারা জড়িত ছিলেন কিংবা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার বিষয়ে বললেন, বিষয়টি স্রেফ ভুল বোঝাবুঝি।
অন্যদিকে পুরো ঘটনার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সেখানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে বিষয়টি জানানো হবে।











