এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ কথাবার্তা বলার অভ্যাস রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিষয়টি নিয়ে একই ধরনের বক্তব্য প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।
সংবাদ সম্মেলনে মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্র এবং ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা এবং জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এসব প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনের শেষদিকে ঢাকায় ঘনঘন ককটেল বিস্ফোরণের বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক।
তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন—১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। এ বক্তব্যের মাধ্যমে ককটেল বিস্ফোরণের সঙ্গে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না, এমন প্রশ্নও তোলেন ওই সাংবাদিক।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা বলছে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না। তাতে করে কী বোঝা যায়, দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে।”
তিনি বলেন, “আমি ৯ দল বলছি, আগে মনে হয় ১১ দল ছিল। দুই দল বেরিয়ে গেছে। পীর সাহেব, চরমোনাই পীর সাহেবের দল মনে হয় ওখানে নেই। আরেকটা খেলাফত মজলিস নামের আরেকটা পার্টি নাই বর্তমানে। সংখ্যা বোধ হয় ৯-এ দাঁড়িয়েছে। দফাও ৯টা। এখন ওই ৯ দফা মেনে নিলেই আর কোনো টুসঠাস হবে না এই তো?”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটাই তো তার বক্তব্য। এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করছে কারা জড়িত এগুলোর মধ্যে। আপনারা বিশ্লেষণ করবেন।”
সবশেষে তিনি বলেন, “আমি কোনো ওই লেবেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।”


































