রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ভবন মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এর শিকার হয় সালমানের স্টুডিও। ঘটনার পর সালমান জানান, সন্ত্রাসীরা মূল ভবনের মালিককে টার্গেট করেছিল এবং এটি যে তার স্টুডিও তা হয়তো হামলাকারীরা জানত না।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত! তার মতো একজন মানুষ কোনোভাবেই এর প্রাপ্য নয়! এত অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে যে ওরা জীবনে ভালো কিছু দেখেনি, আর দেখলেও সেটা সহ্য করতে পারে না! কী এক লজ্জা! অত্যন্ত ধিক্কারজনক!’
তবে সাদিয়া আয়মানের এ প্রতিবাদের পর সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক। পোস্টের কমেন্ট বক্সে একশ্রেণির নেটিজেন গালাগালিসহ নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন।
সাইবার বুলিং ও কটু মন্তব্যের মুখোমুখি হয়ে অভিনেত্রী তার পোস্টে পাল্টা এক মন্তব্যের মাধ্যমে তাদের কড়া জবাব দেন।
সমালোচকদের উদ্দেশে তিনি লিখেন, ‘কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষ যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে। তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা, সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদেরও ছাড়বি না! তোরা তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’
সালমানের স্টুডিওতে হামলা এবং পরে বিনোদন জগতের তারকাদের প্রতিবাদ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে এখন উত্তপ্ত আলোচনা চলছে। শোবিজ অঙ্গনের শিল্পী ও সাধারণ নেটিজেনরা এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



































